img

দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে মাদক ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সুইদার শাহবা গ্রামে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। যেখানে অস্ত্র ও মাদক মজুদ ছিল। প্রদেশটির অনেক অংশই দামেস্ক সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের উত্তর সীমান্তজুড়ে অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের ব্যবহৃত একাধিক স্থানে ‘প্রতিরোধমূলক অভিযান’ চালানো হয়েছে। 

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জর্ডান। মাদক চোরাচালান দমনে এর আগেও জর্ডান দক্ষিণ সিরিয়ায় একাধিকবার হামলা চালিয়েছে।

এএফপিকে স্থানীয় সূত্র জানায়, একাধিক বিমান হামলায় অন্তত পাঁচটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। যার মধ্যে আরমান শহরের গুদামও রয়েছে।

বিশ্লেষকদের মতে, সিরিয়ান সিভিল ওয়ার চলাকালে ক্যাপটাগন নামের সিনথেটিক মাদক সিরিয়ার অন্যতম বড় রপ্তানি পণ্যে পরিণত হয়। বিশেষ করে বাসার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগে এই মাদক বাণিজ্য সরকার ও বিভিন্ন গোষ্ঠীর অর্থের প্রধান উৎস ছিল।

এই মাদক ইতোমধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ফলে প্রতিবেশী দেশগুলো নিয়মিতভাবে চালান জব্দ করছে এবং লেবানন ও সিরিয়াকে এ বাণিজ্য ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে।

এই বিভাগের আরও খবর